শিশুদের নিরাপত্তার দাবিতে পাণ্ডবেশ্বরে পথ অবরোধ, কয়লা বোঝাই লরি আটকালেন গ্রামবাসীরা - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

শিশুদের নিরাপত্তার দাবিতে পাণ্ডবেশ্বরে পথ অবরোধ, কয়লা বোঝাই লরি আটকালেন গ্রামবাসীরা

প্রকাশকাল: 03 Oct 2026, 04:29 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
পাণ্ডবেশ্বর: নিজেদের সন্তানদের নিরাপত্তার দাবিতে শেষ পর্যন্ত রাস্তায় নামতে হল পাণ্ডবেশ্বরের শ্যামসুন্দরপুরের গ্রামবাসীদের। শনিবার সকাল থেকেই সরপি-শ্যামসুন্দরপুর থেকে কুমারডিহি যাওয়ার জেলা পরিষদের রাস্তা অবরোধ করে ECL-এর কয়লা বোঝাই একের পর এক লরি আটকে দেন তাঁরা।





গ্রামবাসীদের অভিযোগ, ECL নিজেদের ইচ্ছেমতো গ্রামের রাস্তা দিয়ে ভারী কয়লা বোঝাই লরি চালাচ্ছে। দিনের পর দিন ভারী যান চলাচলের জেরে রাস্তার অবস্থা কার্যত বেহাল হয়ে পড়েছে। তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও কোথাও গর্তে লরি আটকে গিয়ে যানজটও তৈরি হচ্ছে।





বেহাল রাস্তা, ধুলোয় অতিষ্ঠ সাধারণ মানুষ





গ্রামবাসীদের দাবি, রাস্তার দু'পাশে রয়েছে আদিবাসী বসতি। এই রাস্তা দিয়েই প্রতিদিন স্কুলে যাতায়াত করে এলাকার শিশুরা। দ্রুতগতির ভারী লরির পাশাপাশি উড়তে থাকা কয়লার ধুলোয় তাঁদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড়সড় উদ্বেগ।





গ্রামবাসীদের অভিযোগ, লরির ধুলো সরাসরি বাড়িঘরের ভিতরে ঢুকে পড়ছে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। তাঁদের প্রশ্ন, ECL-এর নিজস্ব কয়লা পরিবহণের রাস্তা থাকা সত্ত্বেও কেন গ্রামের মাঝখান দিয়ে ভারী যান চলাচল করানো হচ্ছে?





আন্দোলনের চাপে ECL-এর আশ্বাস





গ্রামবাসীদের অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ECL-এর আধিকারিকরা। সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ECL আধিকারিক মধুসূদন সিং।





তিনি জানান, বৃষ্টির কারণে ECL-এর মূল পরিবহণের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে এই রাস্তা ব্যবহার করতে হচ্ছিল। তবে মূল রাস্তা মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে।





ECL-এর পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয়, শনিবার দুপুর থেকেই শ্যামসুন্দরপুরের এই রাস্তা দিয়ে কয়লা পরিবহণ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এরপর পুরনো বিকল্প রাস্তা দিয়েই কয়লা বোঝাই গাড়ি চলাচল করবে।





ECL-এর এই আশ্বাসের পর গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। তবে তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, প্রতিশ্রুতি অনুযায়ী কয়লা পরিবহণ বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

শেয়ার করুন: