বার্নপুর ISP-তে বড় দুর্ঘটনা, ১২ ফুট উচ্চতা থেকে পড়ে গুরুতর জখম সুপারভাইজার - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

বার্নপুর ISP-তে বড় দুর্ঘটনা, ১২ ফুট উচ্চতা থেকে পড়ে গুরুতর জখম সুপারভাইজার

প্রকাশকাল: 06 Oct 2026, 09:29 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
নিজস্ব সংবাদদাতা, বার্নপুর: বার্নপুরের SAIL-এর ইস্কো স্টিল প্ল্যান্ট (ISP)-এ মঙ্গলবার সকালে কাজের সময় বড়সড় দুর্ঘটনা ঘটে। কোক ওভেন ব্যাটারি নম্বর ১১-তে কাজ করার সময় প্রায় ১২ ফুট উচ্চতা থেকে নিচে পড়ে গুরুতর জখম হন একটি ঠিকাদার সংস্থার সুপারভাইজার। আহতের নাম অটল সিং (৪০)। তিনি পায়েল এন্টারপ্রাইজেস নামে একটি ঠিকাদার সংস্থার কর্মী।





জানা গিয়েছে, মঙ্গলবার সকাল প্রায় ১০টা নাগাদ কোক সাইড প্ল্যাটফর্মে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল। সেই সময় আচমকাই পা পিছলে নিচে কোক লাইন ট্র্যাকের উপর পড়ে যান অটল সিং। উচ্চতা থেকে পড়ে তাঁর মাথা ও কোমরে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান।





সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে আসানসোলের ESI হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আসানসোলের মিড ওয়েস্ট হাসপাতালে রেফার করেন। অভ্যন্তরীণ আঘাতের কারণে তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।





কর্মীদের দাবি, যে জায়গায় অটল সিং পড়েছিলেন, সেখানে বৈদ্যুতিক লাইন না থাকায় আরও বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। সেখানে বিদ্যুৎ সংযোগ থাকলে দুর্ঘটনার পরিণতি আরও ভয়াবহ হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।





ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুর ও ইস্কো স্টিল প্ল্যান্টের ডিরেক্টর ইনচার্জ সুরজিৎ মিশ্র। তিনি দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন এবং আহত কর্মীর চিকিৎসার বিষয়েও আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি প্ল্যান্টে নিরাপদভাবে কাজ করার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।





এই দুর্ঘটনার পর ফের একবার SAIL-ISP-এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্মীদের একাংশের অভিযোগ, প্ল্যান্টে কাজের সময় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। তাই কর্মীদের নিরাপত্তার জন্য আরও কড়া ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন: