পুজোয় সিপিআইএমের বুকস্টল নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ, বনগাঁয় অনুমতি দিতে হবে পুলিশকে! - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

পুজোয় সিপিআইএমের বুকস্টল নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ, বনগাঁয় অনুমতি দিতে হবে পুলিশকে!

প্রকাশকাল: 16 Oct 2026, 01:14 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
কলকাতা: দুর্গাপুজোয় সিপিআইএমের বুকস্টল বসানো নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বনগাঁয় সিপিআইএমের বুকস্টল খোলার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল সিপিআইএম। নৈহাটি ও বনগাঁয় বুকস্টল বসানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছিল।


হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সিপিআইএম নেতৃত্ব যেখানে বুকস্টল বসাতে চাইবে, তার ১০০ মিটারের মধ্যে স্টল খোলার অনুমতি দিতে হবে। বনগাঁর পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানার আইসিকে এই নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, দুর্গাপুজোর দিনগুলিতে বুকস্টল ঘিরে যাতে কোনও আইনশৃঙ্খলাজনিত সমস্যা না হয়, তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন বিচারপতি।


শুধু তাই নয়, আদালতের নির্দেশ মেনে বুকস্টল বসানো হয়েছে কি না, তা জানিয়ে পুলিশ সুপারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ২৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।


একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের


এদিকে, হাইকোর্টের একক বেঞ্চের এই নির্দেশে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়ে বুকস্টল খোলার অনুমতির নির্দেশ কার্যকর করার উপর স্থগিতাদেশ চাওয়ারও উদ্যোগ নিয়েছে সরকার। তবে একক বেঞ্চে রাজ্যের সেই আবেদনে সাড়া মেলেনি।


‘ভিন্ন রাজনৈতিক মতাদর্শকে গুরুত্ব দেওয়া গণতন্ত্রের জন্য ভালো’


মামলার রায় দিতে গিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণ করেন, অন্যদের স্টল বসানোর অনুমতি দেওয়া হলেও আবেদনকারীদের ক্ষেত্রে তা করা হয়নি। তাঁর মতে, অন্যরা যখন স্টল বসিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করছেন, তখন আবেদনকারীদের বই বিক্রির অনুমতি না দেওয়া যথার্থ নয়।


বিচারপতির পর্যবেক্ষণ, ভিন্ন রাজনৈতিক মতাদর্শকে গুরুত্ব দেওয়া গণতন্ত্রের পক্ষে ইতিবাচক। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান প্রশাসনও বিষয়টির গুরুত্ব উপলব্ধি করবে।


দুর্গাপুজোর মতো উৎসবের সময়ে রাজনৈতিক মতাদর্শের বই বিক্রির অধিকার এবং প্রশাসনিক অনুমতি ঘিরে এই মামলার পরবর্তী শুনানির দিকে এখন নজর থাকবে রাজনৈতিক মহলের।

শেয়ার করুন: