বাঁকুড়ায় ৩ শীর্ষ মাওবাদী নেতার আত্মসমর্পণ, অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফেরার ইচ্ছা - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

বাঁকুড়ায় ৩ শীর্ষ মাওবাদী নেতার আত্মসমর্পণ, অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফেরার ইচ্ছা

প্রকাশকাল: 24 Sep 2026, 03:30 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
বাঁকুড়ায় মাওবাদী সংগঠনের বিরুদ্ধে বড় সাফল্য পেল পুলিশ। বৃহস্পতিবার বাঁকুড়া পুলিশ লাইনের কনফারেন্স হলে মাওবাদী সংগঠনের তিন শীর্ষ নেতা অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন জাবা মাহাতো, নয়নতারা সাহু এবং রামপ্রসাদ মান্ডি ওরফে শচীন বাংলা। পশ্চিমাঞ্চলের এডিজি আনন্দ কুমারের সামনে তাঁরা নিজেদের অস্ত্র পুলিশের হাতে তুলে দেন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাবা মাহাতো ও নয়নতারা সাহু মাওবাদী সংগঠনের জোনাল কমিটির সদস্য, অন্যদিকে রামপ্রসাদ মান্ডি ওরফে শচীন বাংলা ঝাড়খণ্ড-ওড়িশা রিজিওনাল কমিটিতে কমান্ডার হিসেবে সক্রিয় ছিলেন। পুলিশের দাবি, তিনজনই প্রায় ২০০৬ সাল নাগাদ মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হন।


আত্মসমর্পণের সময় তিনজনের কাছ থেকে ২টি ইনসাস রাইফেল, ১টি AK-47, ১০টি ম্যাগাজিন এবং ১৫৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এই অস্ত্রগুলির মধ্যে কয়েকটি বিভিন্ন সময়ে মাওবাদীরা পুলিশের কাছ থেকে লুট করেছিল।


পুলিশের হিসাব অনুযায়ী, গত প্রায় দুই দশকে পশ্চিমবঙ্গ-সহ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে তিনজনের বিরুদ্ধে ৮০টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইন-সহ একাধিক গুরুতর ধারায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আত্মসমর্পণকারী মাওবাদী নেতারা জানান, দীর্ঘদিন জঙ্গল ও অস্ত্রের জীবন কাটানোর পর এবার তাঁরা সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরতে চান। তাঁদের দাবি, এলাকার বিভিন্ন সমস্যা এবং কথিত বঞ্চনার কারণে তাঁরা মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে এখন তাঁরা মনে করছেন, অস্ত্রের মাধ্যমে নিজেদের দাবি আদায় করা সঠিক পথ নয়।


পশ্চিমাঞ্চলের এডিজি আনন্দ কুমার জানান, আত্মসমর্পণকারী তিন মাওবাদী নেতাকে রাজ্য সরকারের আত্মসমর্পণ নীতির আওতায় প্যাকেজের সুবিধা দেওয়ার জন্য স্ক্রিনিং কমিটির কাছে আবেদন করা হবে।


একসঙ্গে তিন শীর্ষ মাওবাদী নেতার আত্মসমর্পণ জঙ্গলমহল এলাকায় মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন: