রেলের চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! ছাদের গোপন ঘর থেকে গ্রেফতার আকাশছোঁয়া প্রতারণার অভিযুক্ত আকাশ? - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

রেলের চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! ছাদের গোপন ঘর থেকে গ্রেফতার আকাশছোঁয়া প্রতারণার অভিযুক্ত আকাশ?

প্রকাশকাল: 26 Oct 2026, 04:24 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত আशीষ বোস। রবিবার সন্ধ্যায় রূপনারায়ণপুরের রূপনগর এলাকায় একটি ফ্ল্যাটের ছাদে তৈরি গোপন ঘর থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিলেন অভিযুক্ত।





চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ:


পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিত্তরঞ্জন ও আশপাশের এলাকায় অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, রেলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি মেলেনি, ফেরত পাওয়া যায়নি দেওয়া টাকাও।





এক মহিলার অভিযোগ, ২০২১ সালে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা (CLW)-তে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ২৫ লক্ষ টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি পাননি তিনি। ফেরত পাননি টাকাও।


অন্যদিকে, আরও এক ব্যক্তির অভিযোগ, ছেলেকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ৮ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। পরে টাকা ফেরত চাইলে অভিযুক্ত বারবার নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতেন বলে অভিযোগ।





ফ্ল্যাটের ছাদে গোপন ঘরে আত্মগোপন:


অভিযুক্ত রূপনারায়ণপুরের রূপনগর এলাকার একটি ফ্ল্যাটে লুকিয়ে রয়েছেন বলে পুলিশের কাছে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। তল্লাশি চালাতে গিয়ে ফ্ল্যাটের ছাদে তৈরি একটি গোপন ঘরের সন্ধান পান তদন্তকারীরা। সেখান থেকেই আशीষ বোসকে উদ্ধার করে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।





একাধিক থানায় প্রতারণার মামলা:


পুলিশ সূত্রে খবর, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন একাধিক থানায় অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে বলে অভিযোগ। গ্রেফতারের পর সোমবার তাঁকে আসানসোল আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।





বড় কোনও প্রতারণা চক্রের যোগ রয়েছে কি?


এই ঘটনায় অভিযুক্ত একাই জড়িত, নাকি এর পিছনে সক্রিয় রয়েছে কোনও বড় প্রতারণা চক্র, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চাকরির প্রতিশ্রুতি দিয়ে আর কতজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, সেই বিষয়টিও জানার চেষ্টা চলছে।





রেলে চাকরি পাওয়ার আশায় প্রতারিত হয়েছেন আরও কেউ? অভিযুক্তের সঙ্গে অন্য কারও যোগসাজশ রয়েছে কি না, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

শেয়ার করুন: