তিস্তার চরে জমি দখলের অভিযোগ! ‘জয় শ্রীরাম’ পতাকা লাগিয়ে কৃষকদের চাষে বাধা, বিধায়কের দ্বারস্থ বিজেপি কর্মীরাই - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

তিস্তার চরে জমি দখলের অভিযোগ! ‘জয় শ্রীরাম’ পতাকা লাগিয়ে কৃষকদের চাষে বাধা, বিধায়কের দ্বারস্থ বিজেপি কর্মীরাই

প্রকাশকাল: 27 Oct 2026, 05:08 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
তিস্তার চরে জমি দখলের অভিযোগ! ‘জয় শ্রীরাম’ পতাকা লাগিয়ে কৃষকদের চাষে বাধা, বিধায়কের দ্বারস্থ বিজেপি কর্মীরাই





জলপাইগুড়িতে বিজেপির নাম করে জমি দখলের অভিযোগ, ফসল নষ্ট ও জমি ছেড়ে দেওয়ার চাপ দেওয়ার দাবি কৃষকদের। অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারের।





জলপাইগুড়ি, ২৭ অক্টোবর: শাসক বদলেছে, কিন্তু জমি দখলের অভিযোগের ছবিতে বদল আসেনি—এমনই বিস্ফোরক অভিযোগ উঠল জলপাইগুড়িতে। এবার তিস্তা নদীর চরে কৃষিজমি দখল, চাষাবাদে বাধা এবং ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে এক শ্রেণির ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, জমিতে গেরুয়া রঙের ‘জয় শ্রীরাম’ লেখা পতাকা লাগিয়ে নিজেদের বিজেপির লোক বলে পরিচয় দিচ্ছেন তাঁরা। আর এই অভিযোগের জেরে এবার রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারের দ্বারস্থ হলেন বিজেপি কর্মী তথা কৃষকরা।





কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা তিস্তার চরে জমি চাষ করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু বর্তমানে তাঁদের সেই জমিতে চাষ করতে বাধা দেওয়া হচ্ছে। এমনকী, জমির অর্ধেক ছেড়ে দেওয়ার দাবিও করা হচ্ছে বলে অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, নিজেদের দলীয় পরিচয় থাকা সত্ত্বেও জমি রক্ষা করতে বিধায়কের কাছে যেতে বাধ্য হয়েছেন বিজেপিরই একাংশের কর্মী-সমর্থক।





বিজেপি করি, তবুও জমিতে চাষ করতে পারছি নাঃ


কৃষক মন্টু সরকারের অভিযোগ, তাঁর জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার চেষ্টা করা হয়েছে। তাঁর ছেলের চাষাবাদও বন্ধ করে দেওয়া হয়েছে। জমির অর্ধেক ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি তাঁর। মন্টু সরকারের কথায়, দীর্ঘ ১০ বছর ধরে তিনি বিজেপি করেন। অথচ বিজেপির নাম ব্যবহার করে কারা এই কাজ করছে, তা বুঝতে পারছেন না তাঁরা। জমি সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা বিধায়কের দ্বারস্থ হয়েছেন।





একই অভিযোগ তুলেছেন কৃষক সুদেব মৃধা। তাঁর দাবি, তিস্তার চরে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন তাঁরা। এবারও চাষের জন্য জমি প্রস্তুত করতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। এমনকী, জমিতে লাগানো লঙ্কার গাছ তুলে দেওয়ার অভিযোগও করেছেন তিনি। অভিযুক্তরা নিজেদের বিজেপির লোক বলে পরিচয় দিচ্ছেন বলে দাবি সুদেবের। তবে তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে বিজেপি করলেও অভিযুক্তদের আগে কখনও দলের সঙ্গে যুক্ত থাকতে দেখেননি তিনি।





পুরনো অভিযোগের ছায়া, উঠছে রাজনৈতিক যোগসাজশের প্রশ্নঃ


কৃষকদের অভিযোগ, আগের সরকারের আমলে স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছিল। তাঁদের দাবি, সেই সময় যাঁদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ছিল, তাঁদেরই কেউ কেউ এখন বিজেপির নাম ব্যবহার করে একই ধরনের কাজ করছেন। এমনকী, পূর্বে কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত কিছু ব্যক্তি এখন দলীয় পতাকার আড়ালে জমি দখলের চেষ্টা করছেন বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।





যদিও এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি। ফলে কারা জমি দখলের চেষ্টা করছেন এবং তাঁদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের প্রকৃত যোগ রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ।





কৃষকদের আশ্বাস বিধায়কেরঃ


এই অভিযোগ সামনে আসতেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার। তিনি জানিয়েছেন, তিস্তার চরে তাঁদের দলেরও বহু কর্মীর জমি রয়েছে এবং তাঁরা দীর্ঘদিন ধরে সেখানে চাষাবাদ করছেন। হঠাৎ করে কারা পতাকা লাগিয়ে জমি দখলের চেষ্টা করছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।





বিধায়কের আশ্বাস, কৃষকদের জমি কাউকে দখল করতে দেওয়া হবে না। প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।





এখন প্রশ্ন, তিস্তার চরে কৃষকদের জমি দখলের অভিযোগের পিছনে কারা রয়েছে? রাজনৈতিক পরিচয়ের আড়ালে সত্যিই কি জমি দখলের চেষ্টা চলছে? কৃষকদের অভিযোগের তদন্ত করে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে তিস্তাপাড়ের চাষিরা।

শেয়ার করুন: