ছটপুজোর আগে পশ্চিম বর্ধমানে বিশেষ সতর্কতা, বিপজ্জনক ঘাট চিহ্নিত করে নিরাপত্তার নির্দেশ মুখ্যমন্ত্রীর - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

ছটপুজোর আগে পশ্চিম বর্ধমানে বিশেষ সতর্কতা, বিপজ্জনক ঘাট চিহ্নিত করে নিরাপত্তার নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রকাশকাল: 30 Oct 2026, 01:07 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল-দুর্গাপুরের ছটঘাটে বাড়তি নজরদারি, ব্যারিকেডিং থেকে CCTV—নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপের নির্দেশ। ছটপুজোয় বাজি পোড়ানোর সময়ও বেঁধে দিল রাজ্য সরকার।


পশ্চিমবঙ্গে ছট মহাপর্বকে কেন্দ্র করে শুরু হয়ে গেল প্রশাসনিক প্রস্তুতি। ছটপুজোর পাশাপাশি আসন্ন কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। বিশেষ করে নদী ও পুকুরের ঘাটগুলিতে পুণ্যার্থীদের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা এড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।





গত ২৯ অক্টোবর নবান্নে আয়োজিত এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারী জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের উৎসবের দিনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেন। পশ্চিম বর্ধমান জেলার ছটঘাটগুলির নিরাপত্তা নিয়েও বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়।





অবৈধ বালিখননে দুর্বল নদীপাড়, বিপজ্জনক ঘাটে বিশেষ নজরঃ


মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্বেগের কারণ পশ্চিম বর্ধমানের একাধিক নদীঘাট। অভিযোগ, অবৈধ বালিখননের ফলে নদীর পাড়ের মাটি দুর্বল হয়ে পড়েছে। ফলে ছটপুজোর সময় বিপুল সংখ্যক মানুষ নদীতে নামলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।


এই পরিস্থিতিতে বিপজ্জনক ঘাটগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনকে সংবেদনশীল এলাকাগুলি সরেজমিনে পরিদর্শন করতেও বলা হয়েছে।





ঘাটে থাকবে ব্যারিকেড, CCTV ও পুলিশি নজরদারিঃ


প্রশাসনিক নির্দেশ অনুযায়ী, বিপজ্জনক ঘাটগুলিতে ব্যারিকেড বসানো, পর্যাপ্ত পুলিশ মোতায়েন, CCTV ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং প্রবেশ ও বেরনোর পৃথক পথ তৈরি করার উপর জোর দেওয়া হচ্ছে।


পাশাপাশি গভীর জলের জায়গায় পুণ্যার্থীদের প্রবেশ আটকানো, জরুরি পরিষেবা ও বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখা এবং নির্দিষ্ট নিরাপদ জায়গা থেকে পুজো ও অন্যান্য ধর্মীয় আচার পালনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।





ছটপুজোয় বাজি পোড়ানোর সময় বেঁধে দিল সরকারঃ


কালীপুজো, দীপাবলি ও ছটপুজো উপলক্ষে বাজি পোড়ানো নিয়েও নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষের ঘোষিত নির্দেশিকা অনুযায়ী:


- শুধুমাত্র অনুমোদিত পরিবেশবান্ধব গ্রিন ক্র্যাকার ব্যবহার করা যাবে।


- ছটপুজোর দিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে।


- হাসপাতাল, নার্সিংহোম ও সাইলেন্স জোনের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো নিষিদ্ধ।


- নির্ধারিত নিয়ম লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





কলকাতার ছটঘাটও পরিদর্শনঃ


ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে ৩০ অক্টোবর কলকাতার দহি ঘাট, টাকতা ঘাট, জজেস ঘাট ও বিচালি ঘাট পরিদর্শন করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘাটগুলির পরিচ্ছন্নতা, আলোর ব্যবস্থা, পুণ্যার্থীদের যাতায়াত এবং ভিড় নিয়ন্ত্রণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।





আসানসোল-দুর্গাপুরে বাড়তি দায়িত্ব প্রশাসনেরঃ


পশ্চিম বর্ধমান জেলায় ছটপুজোর জনপ্রিয়তা ও বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে আসানসোল, কুলটি, বরাকর, রানিগঞ্জ এবং দুর্গাপুরের ঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে নদীর পাড়ের দুর্বল অংশ এবং গভীর জলযুক্ত এলাকাগুলিতে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।





মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে পশ্চিম বর্ধমানের ঘাটগুলির নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে এবারের ছটপুজোয় শিল्पাঞ্চলের ঘাটগুলিতে প্রশাসনিক তৎপরতা আরও বাড়তে চলেছে।


কবে ছট মহাপর্ব ২০২৬?


১৩–১৬ নভেম্বর,২০২৬ সালের ছটপুজোর চার দিনের সূচিঃ


ক. ১৩ নভেম্বর, শুক্রবার


নহায়-খায়


খ. ১৪ নভেম্বর, শনিবার


খরনা


গ. ১৫ নভেম্বর, রবিবার


সন্ধ্যা অর্ঘ্য


ঘ. ১৬ নভেম্বর, সোমবার


প্রাতঃকালীন অর্ঘ্য ও মহাপর্বের সমাপ্তি

শেয়ার করুন: