ভুটানে হিমবাহ হ্রদ ফেটে ভয়াবহ হড়পা বান! সংকোশ নদী ঘিরে আতঙ্ক, আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

ভুটানে হিমবাহ হ্রদ ফেটে ভয়াবহ হড়পা বান! সংকোশ নদী ঘিরে আতঙ্ক, আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট

প্রকাশকাল: 30 Oct 2026, 01:24 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
প্রতিবেদনঃ


ভুটানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়! হিমবাহের জল জমে তৈরি হওয়া একটি বিশাল হ্রদ হঠাৎ ফেটে যাওয়ায় নেমে এসেছে বিপুল পরিমাণ জল। এই ঘটনায় ভুটানের পাশাপাশি ভারতের অসম ও পশ্চিমবঙ্গের ভুটান লাগোয়া সীমান্তবর্তী এলাকাগুলিতেও হড়পা বানের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।





জানা গিয়েছে, ভুটানের গাসা জেলার লায়া অঞ্চলের লুঙ্গোতে ওয়াকিলা পর্বতের পাদদেশে অবস্থিত শিনতাফু হ্রদ হঠাৎ ফেটে যায়। প্রায় ৭৪ লক্ষ ঘনমিটার জল ওই হ্রদ থেকে প্রবল গতিতে নেমে আসতে শুরু করে। উল্লেখ্য, শিনতাফু হ্রদকে ভুটানের অন্যতম বিপজ্জনক ১৭টি হিমবাহ হ্রদের মধ্যে চিহ্নিত করা হয়েছিল। বিজ্ঞানসম্মতভাবে এই ধরনের ঘটনাকে বলা হয় GLOF বা Glacial Lake Outburst Flood।





জলের প্রবল তোড়ে ভুটানের লায়া অঞ্চলের গুরুত্বপূর্ণ জংখাগ সড়কের একটি বড় অংশ সম্পূর্ণ ধসে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নদী তীরবর্তী এলাকাগুলিতে সাইরেন বাজিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।





এই বিপর্যয়ের প্রভাব ভারতের দিকেও পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শিনতাফু হ্রদের উপচে পড়া জল মো চু নদীর মাধ্যমে পুনাতসাংচু নদীতে মিশেছে। পরবর্তীতে সেই জলধারা ভারতের সংকোশ নদীতে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের নদী তীরবর্তী এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। একইসঙ্গে অসমের ধুবড়ি জেলাতেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট।





ভুটানের তরফে সতর্কবার্তা পাওয়ার পরই আগাম প্রস্তুতি শুরু করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা প্রশাসন। নাগরাকাটা, বানারহাট-সহ জলপাইগুড়ির একাধিক ব্লকে নদী সংলগ্ন এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হয়। সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।





তবে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, জলপাইগুড়ি জেলায় এখনও পর্যন্ত বড় ধরনের কোনও বিপর্যয়ের খবর নেই। প্রশাসনের দাবি, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে সংকোশ নদীর জলস্তর এখনও বিপজ্জনকভাবে বৃদ্ধি পায়নি। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাঁদের ফ্লাড সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের অনেকেই ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছেন।





সব মিলিয়ে, ভুটানের হিমবাহ হ্রদ ভাঙার ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলিতে নতুন করে উদ্বেগ তৈরি হলেও আপাতত বড়সড় বন্যা পরিস্থিতির খবর নেই। তবে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের প্রশাসনের নির্দেশ মেনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

শেয়ার করুন: