শিরোনাম: সরশুনায় তিনজনকে হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ, কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব NHRC-র - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
কলকাতা

শিরোনাম: সরশুনায় তিনজনকে হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ, কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব NHRC-র

প্রকাশকাল: 30 Oct 2026, 01:44 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
উপশিরোনাম: পুলিশের ভূমিকা নিয়ে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন, দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ





কলকাতা: বেহালার সরশুনায় তিনজনকে হাফপ্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোর ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার তদন্তে উদ্যোগী হয়েছে কমিশন। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দার কাছে বিস্তারিত রিপোর্ট তলব করে আগামী দু’সপ্তাহের মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে, সরশুনায় ঠিক কী ঘটেছিল এবং সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলির সত্যতা কতটা। পুলিশের পক্ষ থেকে যদি অভিযুক্তদের এভাবে রাস্তায় ঘোরানো হয়ে থাকে, তাহলে কোন আইনের ভিত্তিতে এমন পদক্ষেপ করা হয়েছিল, তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে এই ধরনের আচরণ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সামিল হতে পারে বলে জানিয়েছে NHRC।





ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। অভিযোগ, ১৮ বছর বয়সি এক যুবক তাঁর ১৯ বছর বয়সি বন্ধুকে সঙ্গে নিয়ে সরশুনায় তাঁর নাবালিকা প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। কথাবার্তার সময় ওই যুবক তরুণীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি তরুণীর মামার এক বন্ধুর নজরে এলে তিনি পরিবারের সদস্যদের জানান।





এরপর তরুণীর আত্মীয়রা দুই যুবককে বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখেন বলে অভিযোগ। সেখানে তাঁদের মারধর ও নির্যাতন করা হয় বলেও দাবি উঠেছে। অভিযোগ, পরে তরুণীর বাবার ডাকে এক যুবকের বাবাও সেখানে পৌঁছন। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে তিনজনকে পোশাক খুলতে বাধ্য করা হয় এবং বাড়ির সামনে প্রায় ৫০ মিটার নগ্ন অবস্থায় হাঁটানো হয়।





এই ঘটনায় তরুণীর বাবা, মামা এবং তাঁদের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে সরশুনা থানার পুলিশ। তবে তিনজনকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কলকাতা পুলিশের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করতে পারে জাতীয় মানবাধিকার কমিশন।

শেয়ার করুন: