আসানসোলে সিখ ওয়েলফেয়ার সোসাইটির ১৪তম এডুকেশন অ্যান্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ৫৬ জন মেধাবী পড়ুয়া-সহ সম্মানিত ৮৫ জন, পাঞ্জাবের গতকা প্রদর্শনীতে মুগ্ধ দর্শক - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

আসানসোলে সিখ ওয়েলফেয়ার সোসাইটির ১৪তম এডুকেশন অ্যান্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ৫৬ জন মেধাবী পড়ুয়া-সহ সম্মানিত ৮৫ জন, পাঞ্জাবের গতকা প্রদর্শনীতে মুগ্ধ দর্শক

প্রকাশকাল: 02 Nov 2026, 01:43 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: শিক্ষা, মেধা ও প্রতিভাকে সম্মান জানাতে সিখ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার সন্ধ্যায় আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল ১৪তম ‘সিখ এডুকেশন অ্যান্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’। সুরজিৎ সিং মাক্কড়ের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী পড়ুয়াদের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন মোট ৮৫টি পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ৫৬ জন পড়ুয়া তাদের শিক্ষাগত সাফল্যের জন্য বিশেষ সম্মান লাভ করে।





অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, অপূর্ব হাজরা, আশা শর্মা, নরেশ আগরওয়াল, শম্ভু গুপ্ত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।





সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ বছর ধরে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী পড়ুয়া ও প্রতিভাবান ব্যক্তিদের উৎসাহিত করা হচ্ছে। এবারের অনুষ্ঠানেও দশম ও দ্বাদশ শ্রেণিতে ৮০ শতাংশের বেশি নম্বর পাওয়া পড়ুয়াদের বিশেষভাবে সম্মানিত করা হয়। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর স্তরে সাফল্য অর্জনকারী এবং ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্বের অধিকারী ছাত্রছাত্রীদেরও পুরস্কৃত করা হয়। বর্ধমান থেকে নিরসা ও কুমারডুবি পর্যন্ত বিস্তৃত এলাকার পড়ুয়ারা এই সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।





অনুষ্ঠানে বিশেষ কয়েকটি সম্মাননার মধ্যে ছিল ‘বেবে নানকি অ্যাওয়ার্ড’, ‘কৌম দে হীরে’ এবং ‘সিং ইজ কিং অ্যাওয়ার্ড’। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।





এদিনের অনুষ্ঠানের সূচনা হয় কীর্তন ও দেশাত্মবোধক নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পাঞ্জাব থেকে আগত শিল্পীদের ঐতিহ্যবাহী গতকা প্রদর্শনী। শিখ মার্শাল আর্টের এই বিশেষ কৌশল প্রদর্শনে শিল্পীদের অসাধারণ দক্ষতা, ক্ষিপ্রতা ও শারীরিক কসরত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তাঁদের রোমাঞ্চকর পরিবেশনায় রবীন্দ্র ভবনের অনুষ্ঠানস্থলে তৈরি হয় বিশেষ উৎসবের আবহ।





সিখ ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান এস. কুলদীপ সিং সালুজা, সভাপতি এস. হরজিৎ সিং বাগ্গা, ওয়ার্কিং অ্যান্ড ফাউন্ডার প্রেসিডেন্ট এস. সুরজিৎ সিং মাক্কড়, সম্পাদক এস. কুলদীপ সিং ডাং এবং কোষাধ্যক্ষ এস. জসপাল সিং মাথারু-সহ সংগঠনের একাধিক পদাধিকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





এছাড়াও সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য গুরু সিং চৌধুরী, রণজিৎ সিং দোয়াল, সতপাল সিং কীর, দিলীপ সিং (পাপ্পু), দীপক সিং বেদী ও হরজিৎ সিং মাক্কড় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সফল করতে আসানসোল সেন্ট্রাল গুরুদ্বারা প্রবন্ধক কমিটি এবং পশ্চিমবঙ্গ, নিরসা ও কুমারডুবির বিভিন্ন শিখ সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।





শিক্ষার প্রসার, মেধার স্বীকৃতি, সমাজসেবামূলক কাজের মূল্যায়ন এবং শিখ সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ক্ষেত্রে সিখ ওয়েলফেয়ার সোসাইটির এই ১৪ বছরের ধারাবাহিক উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করছে।

শেয়ার করুন: