দেশীয় প্রযুক্তিতে প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
দেশ

দেশীয় প্রযুক্তিতে প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা

প্রকাশকাল: 06 Nov 2026, 01:03 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
উপশিরোনাম: ওড়িশা উপকূলে বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে উৎক্ষেপণ। প্রায় ৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ৭০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম।





‘আত্মনির্ভর’ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে বড় সাফল্য। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে ওড়িশা উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়।





প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশীয় অস্ত্র নির্মাণের ক্ষেত্রেও এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।





কী কী বিশেষত্ব রয়েছে প্রলয় ক্ষেপণাস্ত্রে?


DRDO-র তৈরি এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা প্রায় ৫০০ কিলোমিটার। এর গতি ঘণ্টায় প্রায় ৭,৫০০ কিলোমিটার বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এটি সর্বোচ্চ ৭০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র ভারতের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।





সাফল্যে অভিনন্দন জানালেন প্রতিরক্ষামন্ত্রীঃ


পরীক্ষার সাফল্যের কথা জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে DRDO। বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সংগৃহীত তথ্য অনুযায়ী, পরীক্ষাটি নির্ধারিত সমস্ত লক্ষ্য পূরণ করেছে।





তিনি আরও জানান, এই সফল পরীক্ষা ভারতের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।





একের পর এক সাফল্যে শক্তিশালী হচ্ছে ভারতঃ


উল্লেখ্য, এর আগেও দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে একাধিক সাফল্য পেয়েছে ভারত। DRDO-র পিনাকা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা এবং প্রায় ৩,৫০০ কিলোমিটার পাল্লার K-4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে।





সব মিলিয়ে, প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার অগ্রগতিতে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরির এই ধারাবাহিক সাফল্য আগামী দিনে ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন: