মুগমা এরিয়ায় ইসিএল ও সিআইএসএফের যৌথ অভিযান, উদ্ধার ১৬০ টন অবৈধ কয়লা, বাজেয়াপ্ত ৭ মোটরবাইক - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
দেশ

মুগমা এরিয়ায় ইসিএল ও সিআইএসএফের যৌথ অভিযান, উদ্ধার ১৬০ টন অবৈধ কয়লা, বাজেয়াপ্ত ৭ মোটরবাইক

প্রকাশকাল: 10 Nov 2026, 01:40 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
শিল্পাঞ্চল: অবৈধ কয়লা উত্তোলন ও কয়লা পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)। মুগমা এরিয়ার চাঁপাপুর ওপেন কাস্ট প্রজেক্ট (OCP) এবং সংলগ্ন বিভিন্ন সংবেদনশীল এলাকায় ইসিএলের নিরাপত্তা বিভাগ ও কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF)-এর যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধ কয়লা। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ৭টি মোটরবাইক।





প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে চালানো যৌথ অভিযানে প্রায় ১৬০ টন অবৈধ কয়লা উদ্ধার করা হয়। কয়লা চুরির উদ্দেশ্যে তৈরি একাধিক অবৈধ রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। এই সমস্ত রাস্তা ব্যবহার করে যাতে কয়লা চুরি ও অবৈধ পরিবহণ করা না যায়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।





অন্যদিকে, ৬ নভেম্বরের অভিযানে কয়লা চুরি ও অবৈধ পরিবহণের কাজে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ, এমন ৭টি মোটরবাইক বাজেয়াপ্ত করে যৌথ বাহিনী।





আধিকারিকদের নেতৃত্বে চলছে অভিযান:


ইসিএল সদর দফতরের মুখ্য নিরাপত্তা আধিকারিক মেজর এস. তিওয়ারির নির্দেশনায় এই অভিযান পরিচালিত হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা আধিকারিক সুমিত তির্কি এবং আঞ্চলিক নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত রূপেশ মিশ্রের নেতৃত্বে ইসিএলের নিরাপত্তা বিভাগ ও CISF-এর যৌথ দল সংবেদনশীল এলাকাগুলিতে নিয়মিত নজরদারি চালানোর পাশাপাশি অভিযান অব্যাহত রেখেছে।





অবৈধ কয়লা কারবারে লাগাম টানাই লক্ষ্য:


অবৈধ কয়লা উত্তোলন ও চুরির ফলে একদিকে যেমন সরকারি রাজস্বের ক্ষতি হয়, অন্যদিকে খনি এলাকার নিরাপত্তা এবং স্থানীয় বাসিন্দাদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই কয়লা চুরি ও অবৈধ পরিবহণ বন্ধ করতে এই ধরনের অভিযানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইসিএল কর্তৃপক্ষ।





ইসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়লা দেশের মূল্যবান সম্পদ। এই সম্পদের সুরক্ষা, অবৈধ উত্তোলন বন্ধ এবং জাতীয় সম্পদ সংরক্ষণের স্বার্থে আগামী দিনেও অভিযান জারি থাকবে।





তবে এই ধারাবাহিক অভিযানের ফলে মুগমা এলাকায় অবৈধ কয়লা উত্তোলন ও চোরাচালানের কার্যকলাপ কতটা নিয়ন্ত্রণে আসে, এখন সেটাই দেখার।

শেয়ার করুন: