বর্ধমানের দমকল কেন্দ্রে কর্মীকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় ওসি! পাল্টা অভিযোগ দমকল কর্তৃপক্ষের - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

বর্ধমানের দমকল কেন্দ্রে কর্মীকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় ওসি! পাল্টা অভিযোগ দমকল কর্তৃপক্ষের

প্রকাশকাল: 11 Nov 2026, 03:10 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
বর্ধমান: নতুন ডিউটি দেওয়া নিয়ে বচসা, দমকল কেন্দ্রের ওসি-র বিরুদ্ধে বুকে ধাক্কা মারার অভিযোগ কর্মীর। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন দমকলের আধিকারিকরা। তাঁদের দাবি, নতুন দায়িত্ব পালন করতে না চেয়েই মিথ্যা অভিযোগ করছেন ওই কর্মী।





বর্ধমানের খাগড়াগড় এলাকার দমকল কেন্দ্রে এক কর্মীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়ায়। দমকল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন-চার্জ (ওসি) রঞ্জন প্রতিহারের বিরুদ্ধে বুকে ধাক্কা মেরে আঘাত করার অভিযোগ তুলেছেন কর্মী মহম্মদ আসাদুল্লাহ মণ্ডল।





জানা গিয়েছে, মেমারি দমকল কেন্দ্রে কর্মরত স্থায়ী কর্মী আসাদুল্লাহকে দপ্তরের নির্দেশে ডেপুটেশনে বর্ধমান দমকল কেন্দ্রে পাঠানো হয়েছিল। উৎসবের মরশুমে বিভিন্ন দমকল কেন্দ্রে অতিরিক্ত সতর্কতা ও জরুরি পরিষেবা বজায় রাখতে কর্মীদের স্ট্যান্ডবাই ডিউটি দেওয়া হয়।





আসাদুল্লাহর অভিযোগ, মঙ্গলবার তাঁকে বর্ধমান দমকল কেন্দ্র থেকে রিলিজ় করে দেওয়ার কথা ছিল। সেই সংক্রান্ত বিষয়ে ওসি রঞ্জন প্রতিহারের কাছে গেলে তাঁকে চন্দননগরে নতুন ডিউটি করার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ ঘিরেই দু'জনের মধ্যে বচসা শুরু হয় বলে দাবি তাঁর। অভিযোগ, সেই সময় ওসি তাঁকে বুকে ধাক্কা মারেন।





আসাদুল্লাহ জানিয়েছেন, বুকে আঘাত লাগার পর তিনি হাসপাতালে চিকিৎসা করাবেন। এরপর ডিভিশনাল ফায়ার অফিসারের কাছে লিখিত অভিযোগ জানাবেন। সেখান থেকে ব্যবস্থা নেওয়া না হলে থানায় অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছেন তিনি।





শুধু মারধরের অভিযোগই নয়, কর্মীদের দিয়ে টানা ১২ ঘণ্টা ডিউটি করানো এবং ছুটি না দেওয়ার অভিযোগও তুলেছেন আসাদুল্লাহ। তাঁর দাবি, রিলিজ় না দেওয়ার পাশাপাশি তাঁকে নতুন করে অন্যত্র ডিউটি করার নির্দেশ দেওয়া হচ্ছিল।





অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন দমকল কর্তৃপক্ষ। ডিভিশনাল ফায়ার অফিসার সুমিত সুরের দাবি, নতুন ডিউটি দেওয়া হলেও আসাদুল্লাহ সেই দায়িত্ব পালন করতে রাজি হননি। সেই কারণেই তিনি মিথ্যা অভিযোগ করছেন। তাঁর কথায়, এমন কোনও মারধরের ঘটনা ঘটেনি।





দমকল দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, আসাদুল্লাহর বিরুদ্ধে কর্তব্য পালনে অস্বীকার এবং কর্তব্যে গাফিলতির অভিযোগে বিভাগীয় তদন্ত হতে পারে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ডিভিশনাল ফায়ার অফিসারের কাছে তাঁর কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানা গিয়েছে।





ঘটনাকে কেন্দ্র করে দমকল কর্মীদের একাংশের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। তবে অভিযোগের সত্যতা নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক তদন্তের ফল সামনে আসেনি। ফলে গোটা ঘটনায় দমকল কর্তৃপক্ষের বক্তব্য এবং অভিযোগকারী কর্মীর দাবির মধ্যে তৈরি হয়েছে বিরোধ।

শেয়ার করুন: