শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে ৮ বছর ভারতে বসবাস! পাসপোর্ট ভেরিফিকেশনে ধরা পড়ল বাংলাদেশি যুবক, গ্রেপ্তার শ্বশুরও - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে ৮ বছর ভারতে বসবাস! পাসপোর্ট ভেরিফিকেশনে ধরা পড়ল বাংলাদেশি যুবক, গ্রেপ্তার শ্বশুরও

প্রকাশকাল: 12 Nov 2026, 12:14 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
উপশিরোনাম: নাম বদলে জগদীশ নগরে বসবাসের অভিযোগ, শ্বশুরের মেয়েকেই করেছিলেন বিয়ে। পরিচয়পত্রে অসঙ্গতি ধরা পড়তেই পুলিশের জেরায় সামনে এল আসল পরিচয়।


সংবাদ প্রতিবেদন:


দক্ষিণ ২৪ পরগনা: শ্বশুরকে নিজের বাবা পরিচয় দিয়ে প্রায় আট বছর ধরে ভারতে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল উস্তি থানার পুলিশ। পাসপোর্ট তৈরির জন্য পুলিশ ভেরিফিকেশন করতে গিয়েই সামনে এল পরিচয় জালিয়াতির ঘটনা। এই ঘটনায় ওই যুবকের পাশাপাশি তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে তাঁর শ্বশুরকেও গ্রেপ্তার করেছে পুলিশ।





ধৃত যুবকের নাম ইমরান হোসেন শরিফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে আসার পর নিজের নাম পরিবর্তন করে ইমরান হোসেন মোল্লা পরিচয়ে থাকতে শুরু করেন তিনি। প্রায় আট বছর আগে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার অন্তর্গত জগদীশ নগরে এসে স্থানীয় বাসিন্দা পিয়ার আলি মোল্লাকে নিজের বাবা বলে পরিচয় দেন। এরপর তাঁর আশ্রয়েই বসবাস শুরু করেন। পরবর্তীতে পিয়ার আলি মোল্লার মেয়েকেই বিয়ে করেন ইমরান।





পুলিশের দাবি, পিয়ার আলি মোল্লার ছেলে পরিচয়ে ইমরান ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানেও যেতেন। সম্প্রতি পাসপোর্ট তৈরির জন্য ডিআইবি অফিসে পুলিশ ভেরিফিকেশন চলাকালীন তাঁর জমা দেওয়া নথিতে একাধিক অসঙ্গতি নজরে আসে আধিকারিকদের। দেখা যায়, নথিতে ইমরানের বাবার নাম পিয়ার আলি মোল্লা উল্লেখ করা হয়েছে। অথচ তাঁর স্ত্রীর বাবার নামও একই। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় শুরু হয় জিজ্ঞাসাবাদ।





পুলিশের জেরায় সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ইমরান আদতে বাংলাদেশের বাসিন্দা। তাঁর বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার নিয়ামতপুর, নোয়াখালী এলাকায়। বাংলাদেশে তাঁর প্রকৃত নাম ছিল ইমরান হোসেন শরিফ।





এরপরই উস্তি থানার পুলিশ ইমরান হোসেন শরিফ এবং তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে পিয়ার আলি মোল্লাকে গ্রেপ্তার করে। ধৃত দু’জনকেই ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং কীভাবে পরিচয় সংক্রান্ত নথি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন: