জঙ্গলমহলের সংস্কৃতির টানে বিধায়ক! কিঁদরি বাজানো থেকে অহিরা গীত, ধামসা-মাদলের তালে নাচে মাতলেন লবসেন বাস্কে - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

জঙ্গলমহলের সংস্কৃতির টানে বিধায়ক! কিঁদরি বাজানো থেকে অহিরা গীত, ধামসা-মাদলের তালে নাচে মাতলেন লবসেন বাস্কে

প্রকাশকাল: 12 Nov 2026, 12:17 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
পুরুলিয়া: জনপ্রতিনিধি হয়েও মাটির টান ভোলেননি তিনি। কখনও হাতে কিঁদরি নিয়ে সুর তুলছেন, কখনও অহিরা গীত গেয়ে মাতিয়ে দিচ্ছেন অনুষ্ঠান, আবার কখনও ধামসা-মাদলের তালে ছৌ শিল্পীদের সঙ্গে নাচে পা মেলাচ্ছেন। পুরুলিয়ার বান্দোয়ানের বিজেপি বিধায়ক লবসেন বাস্কের এমনই এক অন্যরকম রূপ এখন নজর কাড়ছে জঙ্গলমহলবাসীর। সরকারি অনুষ্ঠানের মঞ্চে তাঁর নাচ, গান ও বাদ্যযন্ত্র বাজানোর একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তা দেখেই প্রশংসায় পঞ্চমুখ অনেকে।





জঙ্গলমহলজুড়ে এখন চলছে আদিবাসীদের ঐতিহ্যবাহী বাঁদনা-সহরায় পরব। কালীপুজোর রাত থেকে শুরু হওয়া এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে আদিবাসী সমাজের দীর্ঘদিনের সংস্কৃতি ও ঐতিহ্য। এই পরবের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ অহিরা গীত। আর সেই গান গেয়েই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মন জয় করছেন বান্দোয়ানের বিধায়ক। শুধু গান নয়, নিজের সংস্কৃতির সঙ্গে যুক্ত বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর পাশাপাশি নাচেও সমান উৎসাহে অংশ নিচ্ছেন তিনি।





বিধায়ক লবসেন বাস্কের কথায়, “এ তো আমাদের সংস্কৃতি। সেই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের অন্যতম কাজ।” তাঁর মতে, আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা এবং আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। সেই দায়িত্ববোধ থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।





সম্প্রতি উপজাতি উন্নয়ন বিভাগের উদ্যোগে পুরুলিয়ার মানবাজার-২ ব্লকের মুরগাডি ফুটবল মাঠে আয়োজিত হয় ৩২তম জেলা স্তরের আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা। সেখানেও নিজের সম্প্রদায়ের সংস্কৃতির আদলে গান গাইতে ও নাচে অংশ নিতে দেখা যায় বিধায়ককে। অন্যদিকে, বুধবার বান্দোয়ান পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানেও ধামসা-মাদলের তালে ছৌ শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে নাচে মেতে ওঠেন তিনি।





লবসেন বাস্কের জীবনের আরও একটি উল্লেখযোগ্য দিক হল তাঁর সাধারণ জীবনযাপন। পেশায় শিক্ষক এই বিধায়ক জনপ্রতিনিধি হওয়ার পরেও নিজের কৃষিজমির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। এখনও নিজের জমিতে নিজেই ধান চাষ করেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে মাটির কাছাকাছি থাকা এবং এলাকার মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে তাঁর এই নিবিড় যোগাযোগ স্থানীয়দের নজর কেড়েছে।





জঙ্গলমহলের রাজনৈতিক মহলের একাংশের মতে, নিজের শিকড় ও সংস্কৃতির সঙ্গে এভাবে যুক্ত থাকা বিধায়ককে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর নাচ-গানের ভিডিও ঘিরে ইতিমধ্যেই প্রশংসার ঝড় উঠেছে। জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি এলাকার মানুষের উৎসব, ঐতিহ্য ও সংস্কৃতির একজন সক্রিয় অংশীদার হয়ে ওঠা—লবসেন বাস্কের এই অন্যরকম ভূমিকাই এখন জঙ্গলমহলে চর্চার বিষয়।

শেয়ার করুন: