সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের কপালে ভাইফোঁটা, ধরমপুরের মহিলাদের মানবিক উদ্যোগে তৈরি হল ঘরোয়া উৎসবের পরিবেশ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের কপালে ভাইফোঁটা, ধরমপুরের মহিলাদের মানবিক উদ্যোগে তৈরি হল ঘরোয়া উৎসবের পরিবেশ

প্রকাশকাল: 12 Nov 2026, 12:23 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
নিজের পরিবারের থেকে দূরে থাকা জওয়ানদের বোনের স্নেহ ও ভালোবাসায় আপন করে নিলেন গ্রামের মহিলারা, আবেগাপ্লুত সীমান্তরক্ষীরাও।





নদিয়া: উৎসবের দিনে পরিবারের সঙ্গে থাকার সুযোগ হয় না। দেশের নিরাপত্তার স্বার্থে সীমান্তে দিনরাত দায়িত্ব পালন করতে হয় তাঁদের। সেই সমস্ত বিএসএফ জওয়ানদের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের পরিবারের অভাব কিছুটা হলেও পূরণ করতে অভিনব মানবিক উদ্যোগ নিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ধরমপুর গ্রামের মহিলারা।





ভাইফোঁটার দিন ভারত-বাংলাদেশ সীমান্তের টুঙ্গি এলাকায় ৩২ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের ভাইয়ের মর্যাদায় আপন করে নিলেন গ্রামের মহিলারা। তাঁদের এই উদ্যোগে সীমান্তের কাঁটাতারের কাছেই তৈরি হল এক টুকরো ঘরোয়া উৎসবের পরিবেশ।





বুধবার ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে গ্রামের মহিলারা নিজেদের উদ্যোগে মিষ্টির থালা সাজিয়ে পৌঁছে যান সীমান্তে। বাড়ির ভাইফোঁটার মতোই শাঁখ বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে এবং ধান-দূর্বা দিয়ে জওয়ানদের বরণ করা হয়। এরপর একে একে তাঁদের কপালে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করান মহিলারা। কর্তব্যের ব্যস্ততার মাঝেও এমন আন্তরিক আয়োজন পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হন সীমান্তে কর্মরত জওয়ানরা।





গ্রামের মহিলাদের বক্তব্য, দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে বিএসএফ জওয়ানদের বছরের পর বছর নিজেদের বাড়ি ও পরিবার থেকে দূরে থাকতে হয়। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, কোনও পরিস্থিতিতেই তাঁদের দায়িত্বে বিরতি নেই। এমনকী ভাইফোঁটা কিংবা রাখিপূর্ণিমার মতো পারিবারিক উৎসবেও অনেক সময় বোনেদের স্নেহ থেকে বঞ্চিত থাকতে হয় তাঁদের। সেই অভাব কিছুটা হলেও পূরণ করতে গ্রামের মহিলারা একজোট হয়ে এই উদ্যোগ নিয়েছেন। তাঁদের কাছে সীমান্তের জওয়ানরা শুধু দেশের রক্ষক নন, পরিবারেরই একজন ভাই।





মিনতি দাস বলেন, ‘‘ওঁরা দূরদূরান্ত থেকে নিজেদের বাড়িঘর, পরিবার ছেড়ে এখানে এসে থাকেন। গোটা দেশকে রক্ষা করার জন্য ওঁদের এই ত্যাগ। উৎসবের দিনগুলিতেও বাড়ি যেতে পারেন না, রাখি বা ভাইফোঁটা নেওয়ার সুযোগ হয় না। সেই কারণেই আমরা গ্রামের সকলে মিলে এসেছি। যাতে ওঁদের মনে পরিবারের অভাব কিছুটা হলেও দূর হয়। ভাইফোঁটার দিনে ওঁদের ফোঁটা দিতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে।’’





গ্রামের বাসিন্দা সুচরিতা রক্ষিতও এই উদ্যোগে সামিল হতে পেরে আবেগাপ্লুত। তাঁর কথায়, ‘‘খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মনটা শান্তিতে ভরে গিয়েছে। সবাইকে নিয়ে এমন আনন্দ আগে কখনও পাইনি।’’





অন্যদিকে, মিনতি নামে আর এক মহিলা বলেন, ‘‘যাঁরা শীত, বর্ষা, গ্রীষ্ম উপেক্ষা করে প্রতিনিয়ত আমাদের রক্ষা করেন, আজ তাঁদের ফোঁটা দিতে এসেছি। ওঁরা আরও ভালো থাকুন, সুস্থ থাকুন। তাঁদের জীবন সুখের হোক। ওঁরা সুস্থ থাকলে আমাদের দেশকেও আরও ভালোভাবে রক্ষা করতে পারবেন।’’





সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা জওয়ানদের কর্তব্য পালনে কোনও ছুটি নেই। পরিবারের থেকে দূরে থেকে নিরলসভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করেন তাঁরা। তাঁদের সেই ত্যাগ ও দায়িত্বের কথা মাথায় রেখেই ধরমপুর গ্রামের মহিলাদের এই বিশেষ উদ্যোগ।





উৎসবের দিনে গ্রামের মহিলাদের কাছ থেকে বোনের স্নেহ, ভালোবাসা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত হন জওয়ানরাও। রক্তের সম্পর্ক না থাকলেও আন্তরিকতা ও ভালোবাসার মধ্য দিয়ে যে আত্মীয়তার বন্ধন তৈরি হতে পারে, টুঙ্গি সীমান্তের এই ভাইফোঁটার আয়োজন যেন সেই মানবিক বার্তাই পৌঁছে দিল।

শেয়ার করুন: