দু’দিন পর কিছুটা ঘরমুখী বক্সার সুড়ঙ্গ খুঁড়ে পালানো বাঘিনি, স্বস্তিতে বন দপ্তর - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

দু’দিন পর কিছুটা ঘরমুখী বক্সার সুড়ঙ্গ খুঁড়ে পালানো বাঘিনি, স্বস্তিতে বন দপ্তর

প্রকাশকাল: 12 Nov 2026, 12:38 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
উপশিরোনাম: বালা নদী পেরিয়ে রাজাভাতখাওয়ার দিকে বাঘিনি, এখনও জারি সঙ্কোশ নদীর পাড়ে মানব প্রাচীর ও ভুটান সীমান্তে নজরদারি। বাজি-পটকা, ঢাক বাজিয়ে বাঘ তাড়ানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন পরিবেশপ্রেমীদের।





আলিপুরদুয়ার: অবশেষে কিছুটা স্বস্তি বন দপ্তরে। বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজার থেকে সুড়ঙ্গ খুঁড়ে বেরিয়ে যাওয়া বাঘিনি দু’দিন পর কিছুটা ঘরমুখী হয়েছে। বুধবার রাত প্রায় ১০টা নাগাদ বালা নদী পেরিয়ে রাজাভাতখাওয়ার দিকে এগিয়েছে সে বলে বন দপ্তর সূত্রে খবর। ফলে বাঘিনিকে আবারও বক্সা ব্যাঘ্র প্রকল্পের মূল এলাকায় ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হয়েছে।





উল্লেখ্য, বক্সার জঙ্গল থেকে বেরিয়ে বালা নদী পার করে জয়ন্তী লোকালয় ও জয়ন্তী নদী পেরিয়ে বাংলা-অসম সীমান্তের সঙ্কোশ নদীর কাছাকাছি পৌঁছে গিয়েছিল বছর তিনেকের বাঘিনি বিটিআর টিএফ-১। আশঙ্কা তৈরি হয়েছিল, যে কোনও সময় সে অসমে প্রবেশ করতে পারে। তবে বুধবার রাতে তার গতিপথ পরিবর্তনের খবরে কিছুটা স্বস্তি ফিরেছে বন আধিকারিকদের মধ্যে।





গত দু’দিন ধরে বাজি-পটকা ফাটানো এবং ঢাক বাজিয়ে বাঘিনির গতিপথ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে বন দপ্তর। সঙ্কোশ নদীর পাড় বরাবর এখনও মোতায়েন রয়েছে মানব প্রাচীর। পাশাপাশি বাঘিনি যাতে ভুটান সীমান্তের দিকে চলে যেতে না পারে, সে জন্য ওই এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। বনকর্তাদের আশঙ্কা, উত্তর দিকে এগিয়ে গেলে ভুটানে প্রবেশ করতে পারে বাঘিনি। সে ক্ষেত্রে তাকে পুনরায় বক্সায় ফিরিয়ে আনা আরও কঠিন হয়ে উঠবে।





বাঘিনির গতিবিধির উপর কড়া নজর রাখছে বন দপ্তর। তার গলায় থাকা উপগ্রহ নিয়ন্ত্রিত রেডিও কলার থেকে প্রতি ঘণ্টায় পাওয়া লোকেশন বক্সার কন্ট্রোল রুমে যাচাই করা হচ্ছে। পাশাপাশি চলছে গ্রাউন্ড ট্র্যাকিংও। তবে বুধবার দুপুরের পর থেকে আবহাওয়ার অবনতি হওয়ায় সমস্যায় পড়েছেন ময়দানে থাকা বনকর্মীরা। বৃষ্টি, ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসা তাপমাত্রা এবং উত্তুরে হাওয়ার কারণে জঙ্গলের দুর্গম এলাকায় নজরদারি চালাতে বেগ পেতে হচ্ছে তাঁদের।





অন্যদিকে, বাঘিনিকে নিয়ন্ত্রণে রাখতে বাজি-পটকা ফাটানো, ঢাক বাজানো এবং জঙ্গলের বিভিন্ন জায়গায় আগুন জ্বালানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশপ্রেমীদের একাংশ। আলিপুরদুয়ার নেচার ক্লাবের সম্পাদক ত্রিদিবেশ তালুকদারের বক্তব্য, তাঁরা বক্সায় বাঘ পুনর্বাসন বা সংরক্ষণের বিরোধী নন। কিন্তু একটি বছর তিনেকের বাঘিনিকে আটকে রাখতে গিয়ে অন্য বন্যপ্রাণী ও পাখিদের অসুবিধার বিষয়টিও বন দপ্তরকে বিবেচনা করতে হবে।





তাঁর অভিযোগ, লাগাতার বাজি-পটকা ও ঢাকের শব্দে জঙ্গলের অন্যান্য প্রাণীরাও আতঙ্কিত ও বিরক্ত হতে পারে। রাতের অন্ধকারে জঙ্গলের বিভিন্ন জায়গায় আগুন জ্বালানোর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বন দপ্তরের কাছে তাঁর আবেদন, বাঘিনির পাশাপাশি জঙ্গলের অন্যান্য প্রাণীদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের দিকেও সমান গুরুত্ব দেওয়া হোক।





সব মিলিয়ে, বাঘিনির গতিপথ কিছুটা বক্সার জঙ্গলের দিকে ফিরলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাকে শেষ পর্যন্ত কীভাবে নিরাপদে বক্সার জঙ্গলে ফিরিয়ে আনা হবে, এখন সেদিকেই নজর বন দপ্তর ও পরিবেশপ্রেমীদের।

শেয়ার করুন: