অপমানকে হারিয়ে সাফল্যের র‍্যাম্পে ঝাড়গ্রামের আদিবাসী চিকিৎসক মৌসুমি, এবার লক্ষ্য ‘ইন্ডিয়ান স্টার অফ দ্য ইয়ার’ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

অপমানকে হারিয়ে সাফল্যের র‍্যাম্পে ঝাড়গ্রামের আদিবাসী চিকিৎসক মৌসুমি, এবার লক্ষ্য ‘ইন্ডিয়ান স্টার অফ দ্য ইয়ার’

প্রকাশকাল: 12 Nov 2026, 12:53 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
ঝাড়গ্রাম: গায়ের রং কালো, দাঁতের গঠন ভালো নয়—ছোটবেলা থেকেই চেহারা নিয়ে শুনতে হয়েছে নানা কটাক্ষ ও অপমান। কখনও বিয়ে নিয়ে প্রশ্ন, কখনও ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করেও লাভ হবে না বলে বিদ্রূপ। কিন্তু সেই অপমানকে দুর্বলতা নয়, শক্তিতে পরিণত করেছিলেন ঝাড়গ্রামের এক আদিবাসী মেয়ে। আজ তিনি চিকিৎসক, আবার ফ্যাশন র‍্যাম্পেও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পরিচয় তৈরি করছেন। তিনি ডক্টর মৌসুমি মুর্মু।





ঝাড়গ্রামের নুননুনগেড়িয়ার বাসিন্দা মৌসুমি মুর্মু এমবিবিএস এবং এমডি (মেডিসিন) ডিগ্রিধারী চিকিৎসক। আর্থিকভাবে পিছিয়ে থাকা আদিবাসী পরিবারে জন্ম তাঁর। বাবা মাগাৎচন্দ্র মুর্মু রেলওয়ে ওয়ার্কশপের সাধারণ কর্মী ছিলেন। সামান্য উপার্জনে সংসার চালানোই ছিল কঠিন। তবে মা পিরিল মুর্মু সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি মেয়ের পড়াশোনার দিকে বিশেষ নজর রাখতেন।





ছোটবেলায় চেহারা নিয়ে লাগাতার কটাক্ষ শুনতে হলেও মৌসুমি নিজের স্বপ্ন থেকে সরে আসেননি। বরং মনে মনে সংকল্প করেছিলেন, একদিন নিজের সাফল্যের মাধ্যমেই সমস্ত অপমানের জবাব দেবেন। সেই সংকল্পই তাঁকে পৌঁছে দিয়েছে সাফল্যের একের পর এক শিখরে।





চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরেও থেমে থাকেননি তিনি। নিজের পেশাগত দায়িত্ব ও সংসার সামলে ফ্যাশন দুনিয়াতেও পা রেখেছেন মৌসুমি। ২০২৫ সালে গুরুগ্রামে আয়োজিত ‘মিসেস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় প্রায় ১৫০ জন ফাইনালিস্টের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি। এবার তাঁর লক্ষ্য ‘ইন্ডিয়ান স্টার অফ দ্য ইয়ার’ প্রতিযোগিতায় অংশ নেওয়া।





কেন চিকিৎসক হওয়ার পাশাপাশি ফ্যাশন র‍্যাম্পে হাঁটার সিদ্ধান্ত? মৌসুমির বক্তব্য, চেহারা নিয়ে ছোটবেলা থেকে যে কটাক্ষ ও অপমান সহ্য করতে হয়েছে, সেই চেহারাকেই আত্মবিশ্বাসের সঙ্গে সামনে তুলে ধরতে চান তিনি। তাঁর মতে, জীবনে সফল হওয়ার ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্য নয়, শিক্ষা, স্বনির্ভরতা এবং আত্মবিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ।





মৌসুমি মনে করেন, সুযোগ পেলে পিছিয়ে পড়া আদিবাসী পরিবারের মেয়েরাও র‍্যাম্পে হাঁটতে পারে, এমনকী বিশ্বজয়ও করতে পারে। ছোটবেলার অপমানের স্মৃতি আজও তাঁর মনে রয়েছে। তবে প্রতিশোধ নয়, নিজের কাজ ও সাফল্যের মাধ্যমেই সেই অভিজ্ঞতার জবাব দিতে চান তিনি।





ব্যক্তিগত জীবনেও একাধিক দায়িত্ব সামলাতে হয় মৌসুমিকে। স্বামী অভিজিৎ মান্ডির ওষুধের ব্যবসা রয়েছে। তাঁদের ছয় বছরের ছেলে রিহান। চিকিৎসার কাজ, সংসার এবং ফ্যাশন শোয়ের প্রস্তুতি—সবকিছুর মধ্যে সময় বের করেই এগিয়ে চলেছেন তিনি।





মৌসুমি জানিয়েছেন, র‍্যাম্পে হাঁটার জন্য কোনও বিশেষ প্রশিক্ষণ নেননি। ইউটিউব দেখে নিজেই হাঁটার কৌশল শিখেছেন। অনলাইনে পোশাক কিনে বাড়িতেই চলেছে অনুশীলন। ছোটবেলার একের পর এক স্বপ্ন এখন পূরণ করছেন তিনি।





একসময় যাঁকে নিজের চেহারা নিয়ে কটাক্ষ শুনতে হতো, আজ সেই মৌসুমিই হয়ে উঠেছেন আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের উদাহরণ। তাঁর সাফল্যের বার্তা একটাই—মানুষের পরিচয় গায়ের রং বা বাহ্যিক সৌন্দর্যে নয়, তাঁর যোগ্যতা, শিক্ষা ও অর্জনে।

শেয়ার করুন: