বারাসাতের হাটখোলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক বাড়ি! সর্বস্বান্ত কয়েকটি পরিবার - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

বারাসাতের হাটখোলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক বাড়ি! সর্বস্বান্ত কয়েকটি পরিবার

প্রকাশকাল: 13 Nov 2026, 01:45 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাড়ল আতঙ্ক, তিন থেকে চারটি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, এখনও পর্যন্ত হতাহতের খবর নেই





বারাসাত: শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বারাসাতের হাটখোলা বস্তি এলাকায়। একটি বাড়ির চাল থেকে প্রথমে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক বাড়িতে। ঘনবসতিপূর্ণ ও ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।





স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুনের মধ্যে দু’-একটি বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও।





স্থানীয় বাসিন্দা জয়ন্ত গাইনের দাবি, এই অগ্নিকাণ্ডে তিন থেকে চারটি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক বাড়ির আসবাবপত্র, ফ্রিজ, আলমারি-সহ যাবতীয় সামগ্রী আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। ফলে কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছেন বেশ কয়েকটি পরিবার।





উল্লেখযোগ্যভাবে, এলাকার অধিকাংশ বাসিন্দাই দিনমজুর, ভ্যানচালক কিংবা পরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাঁদের অনেকেরই প্রতিদিনের উপার্জনের উপর নির্ভর করে সংসার চলে। এই পরিস্থিতিতে অগ্নিকাণ্ডে ঘরবাড়ির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও দীর্ঘদিনের সঞ্চয় হারিয়ে চরম বিপাকে পড়েছেন তাঁরা।





এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও কয়েকটি গ্যাস সিলিন্ডার উদ্ধারের কাজ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। তবে দ্রুত দমকল পৌঁছে যাওয়ায় আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন তাঁরা।





কীভাবে আগুন লাগল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল কি না এবং মোট কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন ও আর্থিক সহায়তার বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসীরা।

শেয়ার করুন: