ভাইফোঁটা দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা! ট্রেনের ধাক্কায় মৃত্যু মা ও মেয়ের - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

ভাইফোঁটা দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা! ট্রেনের ধাক্কায় মৃত্যু মা ও মেয়ের

প্রকাশকাল: 13 Nov 2026, 04:12 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
খানা জংশনে রেললাইন পারাপারের সময় দুর্ঘটনা, শোকের ছায়া মঙ্গলকোটের কৃষ্ণবাটি গ্রামে





ভাইফোঁটার আনন্দ মুহূর্তেই পরিণত হল গভীর শোকে। বাপের বাড়িতে ভাইফোঁটা দিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক মা ও তাঁর মেয়ে। রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-আসানসোল রেলপথের খানা জংশন স্টেশনে।





রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পূজা দাস (৩০) এবং তাঁর মেয়ে পল্লবী দাস (১২)। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার কৃষ্ণবাটি গ্রামে। পরিবার সূত্রে খবর, মেয়েকে সঙ্গে নিয়ে খানা জংশন এলাকায় বাপের বাড়িতে ভাইফোঁটা দিতে গিয়েছিলেন পূজা। শুক্রবার সকালে সেখান থেকে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।





অভিযোগ, খানা জংশন স্টেশনে রেললাইন পারাপারের সময় ডাউন আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় পড়েন মা ও মেয়ে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।





দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমান স্টেশনের জিআরপি ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তাঁরা বর্ধমান স্টেশনে এসে মা ও মেয়ের দেহ শনাক্ত করেন। দেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।





রেল পুলিশের তরফে জানানো হয়েছে, রেললাইন পারাপারের ক্ষেত্রে যাত্রীদের সতর্ক থাকতে বারবার সচেতন করা হয়। নির্দিষ্ট পারাপারের পথ ব্যবহার করার আবেদনও জানানো হয়েছে।





ভাইফোঁটার আনন্দ ভাগ করে নিতে বাপের বাড়ি গিয়েছিলেন পূজা। কিন্তু মেয়েকে নিয়ে আর ফেরা হল না তাঁর। মা ও মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কৃষ্ণবাটি গ্রাম।

শেয়ার করুন: