বিশ্ব ডায়াবেটিস দিবসে আসানসোলে সচেতনতা ওয়াকাথন, অংশ নিলেন ৩০০-রও বেশি মানুষ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

বিশ্ব ডায়াবেটিস দিবসে আসানসোলে সচেতনতা ওয়াকাথন, অংশ নিলেন ৩০০-রও বেশি মানুষ

প্রকাশকাল: 14 Nov 2026, 01:30 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার আসানসোলে আয়োজিত হল এক বর্ণাঢ্য সচেতনতা ওয়াকাথন। ডায়াবেটিস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সুস্থ জীবনযাপনে উৎসাহ এবং নিয়মিত শরীরচর্চা ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরতেই আসানসোল কোলফিল্ড ডায়াবেটিস অ্যাসোসিয়েশন (ACDA)-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, এই পদযাত্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।





ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL), ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব এবং আসানসোল রাইফেল ক্লাব-সহ একাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।





শনিবার সকালে আসানসোলের রবীন্দ্র ভবন থেকে ওয়াকাথনের সূচনা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পুন্নামবলম, ECL-এর ডিরেক্টর ফিনান্স মহম্মদ আনজার আলম, ডিরেক্টর এইচআর গুঞ্জন কুমার সিনহা, ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভি. কে. ঢাল, ডঃ সত্যজিৎ রায়, ডঃ অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, ডঃ সুব্রত ভট্টাচার্য (জুনিয়র)-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিরা বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন।





পুলিশ ব্যান্ডের নেতৃত্বে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এই পদযাত্রায় অংশ নেন। রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে ভগৎ সিং মোড়, কোর্ট মোড় হয়ে পোলো গ্রাউন্ডের এনসিসি গ্রাউন্ডে গিয়ে শেষ হয় ওয়াকাথন।





অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পুন্নামবলম বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক। অনেকেই এই রোগকে যথেষ্ট গুরুত্ব দেন না। অথচ সময়মতো সচেতন না হলে ভবিষ্যতে গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত হাঁটাচলা, খেলাধুলা, যোগব্যায়াম এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। বিশেষ করে তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক কার্যকলাপে আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানান।





ECL-এর ডিরেক্টর ফিনান্স মহম্মদ আনজার আলম বলেন, দেশে ডায়াবেটিসের প্রকোপ ক্রমশ বাড়ছে। এই রোগ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। ডায়াবেটিসের সঙ্গে একাধিক শারীরিক জটিলতা জড়িয়ে রয়েছে। তাই রোগটিকে হালকাভাবে না নিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত। এই ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি ACDA-র এই উদ্যোগের প্রশংসা করেন তিনি।





অন্যদিকে, এসএসকেএসএ হাসপাতালের চিকিৎসক তথা ACDA-র অন্যতম আয়োজক সদস্য ডঃ অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে শারীরিক সক্রিয়তা, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ওষুধ গ্রহণ এবং নির্দিষ্ট সময় অন্তর স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিনগত কারণ ও বয়সের মতো কিছু ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও শরীরের ওজন, কোমরের মাপ এবং শারীরিক সক্রিয়তার দিকে নজর রেখে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা বাড়তে থাকায় স্থূলতা নিয়ন্ত্রণ এবং নিয়মিত শরীরচর্চার উপর জোর দেন তিনি।





এদিনের অনুষ্ঠানে ডঃ সুব্রত ভট্টাচার্য, ডঃ সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, ডঃ শুভদীপ ঘোষ, ডঃ শুভঙ্কর মুখোপাধ্যায়-সহ ACDA-র অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।





বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় অংশগ্রহণ ছিল এই কর্মসূচির অন্যতম আকর্ষণ। আসানসোল রাইফেল ক্লাবের পক্ষ থেকে ভি. কে. ঢাল, কুলটি মদদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রবিশঙ্কর চৌবের নেতৃত্বে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র ও কন্যা গুরুকুলের ১৪ জন সদস্যা, প্রতিধ্বনি ফাউন্ডেশনের সভাপতি রাজ ভট্টাচার্য ও সম্পাদক পৌলমী কবি, রবীন্দ্র চর্চা আসানসোলের মল্লিকা গঙ্গোপাধ্যায় ও তাঁর দল এবং ফায়ার ফিস্ট অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা রাহুল পাসোয়ানের নেতৃত্বে ছাত্রীরা অংশগ্রহণ করেন। এছাড়াও রেড ক্রস সোসাইটি, অগ্নিবীণা শিল্পচর্চা কেন্দ্র-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসানসোল, কুলটি, বরাকর, নিয়ামতপুর ও বার্নপুরের বিভিন্ন সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।





উল্লেখ্য, প্রতি বছর ১৪ নভেম্বর ইনসুলিনের সহ-আবিষ্কারক বিজ্ঞানী ফ্রেডেরিক ব্যান্টিংয়ের জন্মদিন উপলক্ষে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়। ডায়াবেটিস সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয় বার্তা ছড়িয়ে দেওয়াই এই দিনটির মূল উদ্দেশ্য।





পোলো গ্রাউন্ডের এনসিসি গ্রাউন্ডে ওয়াকাথন শেষ হওয়ার পর বিশিষ্ট অতিথিরা বক্তব্য রাখেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের হাতে মেডেল তুলে দেওয়া হয়। তাঁদের জন্য টিফিন, চা ও কফির ব্যবস্থাও করা হয়েছিল।





আয়োজকদের বক্তব্য, ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই শুধুমাত্র চিকিৎসক বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, যুবসমাজ এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তুললেই সুস্থ ও সচেতন সমাজ নির্মাণ সম্ভব।

শেয়ার করুন: