খানাখন্দে ভরা রাস্তায় দুর্ঘটনা, আহত এডিপিসি কনস্টেবল—বিধায়কের উদ্যোগে শুরু মেরামতের কাজ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

খানাখন্দে ভরা রাস্তায় দুর্ঘটনা, আহত এডিপিসি কনস্টেবল—বিধায়কের উদ্যোগে শুরু মেরামতের কাজ

প্রকাশকাল: 29 Sep 2026, 11:30 AM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: খানাখন্দে ভরা রাস্তার কারণে ফের দুর্ঘটনার অভিযোগ উঠল আসানসোলে। আসানসোল পৌর কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের ওল্ড স্টেশন রোড থেকে কাল্লা পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে টোটো ও বাইক চালকরা।





স্থানীয়দের অভিযোগ, রাস্তার গর্তের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। শুক্রবারও এমনই একটি দুর্ঘটনায় আহত হন এডিপিসিতে কর্মরত এক মহিলা কনস্টেবল। অভিযোগ, স্কুটার নিয়ে যাওয়ার সময় রাস্তার একটি বড় গর্তে পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান।





দুর্ঘটনার খবর পেয়ে উদ্যোগ বিধায়কের





ঘটনার খবর বিজেপি নেতা চিন্টু শর্মার মাধ্যমে আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জির কাছে পৌঁছয়। বিষয়টি জানার পর দ্রুত পদক্ষেপ করেন বিধায়ক। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তিনি তাঁর প্রতিনিধি দীপক গুপ্তকে ঘটনাস্থলে পাঠান।





পাশাপাশি, বিধায়ক পৌর কর্পোরেশনের কমিশনার দিলীপ মিশ্রের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত রাস্তার গর্তগুলি মেরামতের ব্যবস্থা করার অনুরোধ জানান।





শুরু হয়েছে আপৎকালীন মেরামতের কাজ





বিধায়কের হস্তক্ষেপের পরই রাস্তার মেরামতের কাজ শুরু হয়েছে। আপাতত বড় বড় গর্তগুলি কাঁকর ও পাথর দিয়ে ভরাট করে রাস্তা চলাচলের উপযোগী করার কাজ চলছে। তবে স্থানীয়দের দাবি, সাময়িকভাবে গর্ত ভরাটের পাশাপাশি দ্রুত স্থায়ীভাবে রাস্তা সংস্কার করা হোক।





৫ কোটি টাকার রাস্তা মেরামতের টেন্ডার





বিধায়কের প্রতিনিধি দীপক গুপ্ত জানান, আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের ৩২টি ওয়ার্ডেই আগামী দিনে রাস্তা মেরামতের কাজ করা হবে। এ বিষয়ে পৌরসভা প্রশাসনের কাছে বিধায়কের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে বলে তিনি জানান।





তাঁর দাবি, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে রাস্তা মেরামতের কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই স্থায়ীভাবে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।





দীপক গুপ্ত স্থানীয় বাসিন্দাদের ধৈর্য ধরার আবেদন জানিয়ে বলেন, নতুন সরকার গঠনের পর এখনও পাঁচ মাসও সম্পূর্ণ হয়নি। আগামী দিনে এলাকার বিভিন্ন অমীমাংসিত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।





ঘটনাস্থলে চিন্টু শর্মা, অজয় কুশওয়াহা, বিবেক শ, দীপক মিশ্র, গোপাল শর্মা-সহ বহু স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। রাস্তার দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরাও।

শেয়ার করুন: