ধেমোমেনে দুর্গাপূজার মেলা ঘিরে ফের উত্তেজনা, গুলি চালানোর অভিযোগ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

ধেমোমেনে দুর্গাপূজার মেলা ঘিরে ফের উত্তেজনা, গুলি চালানোর অভিযোগ

প্রকাশকাল: 30 Sep 2026, 12:05 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: দুর্গাপূজার মেলা বসানোকে কেন্দ্র করে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেন এলাকায় মঙ্গলবার রাতে ফের উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে। বিজেপির স্থানীয় নেতা বির্জু যাদবের অভিযোগ, মেলা বসানোকে কেন্দ্র করে তাঁদের কর্মীদের উপর হামলা এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।





বির্জু যাদবের দাবি, ধেমোমেন এলাকায় দুর্গাপূজার মেলা বসানোর জন্য একটি জমি নিয়ে বিরোধ তৈরি হয়। ওই জমিটি তৃণমূল নেতা রোহিত নুনিয়ার বলে দাবি করা হলেও সেখানে মেলা বসানোর অনুমতি পাওয়া যায়নি বলে তাঁর অভিযোগ। এরপর ধেমোমেন কলিয়ারি থেকে এনওসি নিয়ে কলিয়ারির পীঠ এলাকায় অনুমতি সাপেক্ষে মেলা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।





বির্জু যাদবের অভিযোগ, এরপর মঙ্গলবার রাতে তাঁদের লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয় এবং প্রায় ৯ রাউন্ড গুলি চালানো হয়। তাঁর আরও অভিযোগ, তাঁকে লক্ষ্য করেও হামলার চেষ্টা হয়েছিল। তবে বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকায় হামলাকারীরা বাড়িতে ঢুকতে পারেনি বলে দাবি তাঁর।





বির্জু যাদব বলেন, এর আগেও তাঁর উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও তাঁকে আক্রমণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাঁর কর্মী পবন কুমার মণ্ডলের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, মারধরের পাশাপাশি পবন কুমার মণ্ডলের গাড়িও ভাঙচুর করা হয়েছে।





অন্যদিকে, বিজেপি কর্মী পবন কুমার মণ্ডলের অভিযোগ, আসানসোল দক্ষিণ থানার পিপিতে অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন তাঁকে ঘিরে ধরে। তাঁর দাবি, গত কয়েকদিন ধরে এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে। একদিন আগে তাঁর বাড়িতে হামলা চালিয়ে দরজা-জানলা ভাঙচুর করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।





পবন কুমার মণ্ডলের আরও দাবি, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে ৮-৯ রাউন্ড গুলি চালানো হয়। কোনওরকমে ধাক্কাধাক্কি করে তিনি সেখান থেকে পালিয়ে যান বলে জানান। বুধবার সকালে ঘটনাস্থলে দুটি গুলির খোল পাওয়া গিয়েছে বলেও তাঁর দাবি। ঘটনার বিষয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানান।





বির্জু যাদবের অভিযোগ,ধেমোমেন এলাকায় আধিপত্য বজায় রাখার উদ্দেশ্যেই সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি প্রশাসনের কাছে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।





ঘটনার পর এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং গুলি চালানোর অভিযোগের সত্যতা-সহ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





এই ঘটনায় তৃণমূল নেতা রোহিত নুনিয়ার কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

শেয়ার করুন: