কেতুগ্রামে সাপের আতঙ্ক: ২০ দিনে আক্রান্ত ১৪, মৃত্যু দু’জনের; সন্ধ্যা নামলেই ফাঁকা হচ্ছে গ্রাম - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

কেতুগ্রামে সাপের আতঙ্ক: ২০ দিনে আক্রান্ত ১৪, মৃত্যু দু’জনের; সন্ধ্যা নামলেই ফাঁকা হচ্ছে গ্রাম

প্রকাশকাল: 01 Oct 2026, 11:56 AM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
কেতুগ্রাম, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম-২ নম্বর ব্লকের বিলেশ্বর পঞ্চায়েতের কোপা গ্রামে সাপের উপদ্রবকে কেন্দ্র করে চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। গত মাত্র ২০ দিনের মধ্যে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন ১৪ জন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। কেউ হাসপাতালে চিকিৎসাধীন, আবার কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই ঘটনার পর থেকেই গ্রামজুড়ে নেমে এসেছে আতঙ্কের ছায়া।





স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় এক মাস ধরে এলাকায় বিষধর সাপের আনাগোনা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। অনেকেই ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ের শিকার হচ্ছেন। ফলে সন্ধ্যা নামলেই কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে গ্রামের রাস্তা। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না। সাপের ভয়ে বহু পরিবার আলো জ্বালিয়ে রাত কাটাচ্ছেন।





জানা গিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আক্রান্ত হন ৫৫ বছরের অশোক চট্টোপাধ্যায়। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২৫ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। একই দিন রাতে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে কামড়ায় ষষ্ঠ শ্রেণির ১৩ বছরের ছাত্রী আরাধ্যা মাজিকে। তাকে দ্রুত কেতুগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরদিন সকালে তার মৃত্যু হয়।





স্থানীয় সূত্রে জানা গেছে, এই দুই মৃত্যুর পাশাপাশি গত ২০ দিনে আরও ১২ জন সাপের কামড়ের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই কেতুগ্রাম ও কাটোয়া হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, আবার কয়েকজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।





এই আতঙ্কের মধ্যেই সাপের উপদ্রব রুখতে উদ্যোগী হয়েছেন গ্রামবাসীরা। একজোট হয়ে ঝোপঝাড় পরিষ্কার, আগাছা কাটা এবং আবর্জনা সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবিও উঠেছে।





কেতুগ্রাম-২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) হৈমন্তিকা দাস জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি বন দফতরকেও জানানো হয়েছে। বিলেশ্বর পঞ্চায়েতের সদস্য বিপ্লব মণ্ডল বলেন, “গত কয়েক দিন ধরে গ্রামে সাপের উপদ্রব অনেক বেড়েছে। ইতিমধ্যেই দু’জনের মৃত্যু হয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি বিডিওকে জানানো হয়েছে এবং পঞ্চায়েতের পক্ষ থেকেও গ্রাম পরিষ্কারের ব্যবস্থা করা হবে।”





সর্প বিশেষজ্ঞ ধীমান ভট্টাচার্যের মতে, কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে সাপ তাদের স্বাভাবিক বাসস্থান ছেড়ে লোকালয়ে চলে আসছে। তিনি আরও বলেন, সাপের কামড়ের পর হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়া বা চিকিৎসার ক্ষেত্রে কোনও ত্রুটি থাকলে মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে।





গ্রামবাসীদের দাবি, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও সচেতনতা বৃদ্ধি না হলে এই আতঙ্ক আরও বাড়তে পারে।

শেয়ার করুন: